দিল্লিতে গোপনে নারীর ছবি তোলার অপরাধে নিরাপত্তাকর্মী বরখাস্ত
ছবিঃ সংগৃহীত।
ভারতের দিল্লি মেট্রোতে এক নারী যাত্রীর গোপন ছবি তোলার অভিযোগে সিআইএসএফের এক নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এইমস মেট্রো স্টেশনের কাছাকাছি একটি ট্রেনের কামরায় ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই কর্মকর্তা অনুমতি ছাড়াই এক নারী যাত্রীর ছবি তুলেছিলেন।
ট্রেনের ভেতরে থাকা অন্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে কর্মকর্তাকে ঘিরে ধরেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা তার ফোনের গ্যালারি খুলে দেখতে চান। গ্যালারিতে ওই নারীর ছবি পাওয়া যায়। যাত্রীরা ছবিগুলো মুছে ফেলতে চাপ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতি শুরু হয়।
ঘটনার খবর পাওয়ার পরপরই সিআইএসএফ কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। সংস্থা জানিয়েছে, তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মেট্রো পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। তাই বিষয়টি বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সিআইএসএফের কাছে পাঠানো হয়েছে।
সূত্র: এনডিটিভি