গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, ক্লিনিক সিলগালা
সংগৃহীত ছবি
লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে মডার্ন ক্লিনিক ও কনসালটেশন সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ হাসপাতাল মোড় এলাকায় ক্লিনিকটিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান।
অভিযান শেষে সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান বলেন, ‘অভিযানে ক্লিনিকটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এ কারণে ক্লিনিকটি সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’
অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইহরাম খান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।