রূপগঞ্জে আন্ডারপাসের দাবিতে সড়ক অবরোধ
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালাদী এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে সড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। কালাদী এলাকার সড়কের দুই পাশে কয়েকটি গ্রামে প্রায় ছয় হাজার মানুষের বসবাস। এসব এলাকার অনেক শিক্ষার্থী স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। পাশাপাশি বিভিন্ন পেশার মানুষকেও প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়কটি পার হতে হয়।
স্থানীয়দের দাবি, প্রায় সাত বছর আগে কালাদী এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে আবেদন করা হয়। এ দাবিতে একাধিকবার মানববন্ধনও করেছেন তাঁরা। তবে কর্তৃপক্ষ আন্ডারপাস নির্মাণের আশ্বাস দিলেও সেটি নির্মাণ না করেই সড়কের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।
এর প্রতিবাদে সোমবার বেলা ১১টার দিকে কালাদী ও আশপাশের কয়েকটি গ্রামের কয়েক শ নারী-পুরুষ সড়কে মানববন্ধন করেন। একপর্যায়ে তারা সড়কের উভয় পাশে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় বাসিন্দাদের আগামী বুধবারের মধ্যে কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা সড়ক থেকে সরে যান।