চাঁদপুরে ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি
চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযানে অনুমোদনহীন শিশু খাদ্য ও ক্ষতিকর রাসায়নিক রং মিশ্রিত খাদ্য তৈরি এবং ডিগ্রি ছাড়াই ডাক্তার লিখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর কর্তৃক শহরের বাবুরহাট বাজারে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অপরাধে একটি দোকানকে ১০ হাজার, এমবিবিএস ডিগ্রি ছাড়াই ডা. পদবি ব্যবহার ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে একটি ফার্মেসিকে ১০ হাজার এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করায় একটি দোকানকে ২ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।
জরিমানার অর্থ তাৎক্ষণিক অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পরিশোধ করে।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।