আলভারেজকে ছাড়াই লা লিগায় মাঠে নামবে অ্যাতলেতিকো

আলভারেজকে ছাড়াই লা লিগায় মাঠে নামবে অ্যাতলেতিকো

ছবি: সংগৃহীত

মালাগার বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচে স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে ছাড়াই মাঠে নামবে আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনায় যোগ দেওয়ার জোর গুঞ্জনের মধ্যে তারকা এই আর্জেন্টাইনকে প্রথম ম্যাচে না রাখার কথা নিশ্চিত করেছেন কোচ দিয়েগো সিমেওনে।

২০২৪ সালে ৭৫ মিলিয়ন ইউরোয় ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোতে আসা ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাব ছাড়ার ইচ্ছে গোপন করেননি। সম্প্রতি বিশ্বকাপে তিনি এক সাক্ষাৎকারে জানান, নিজের "স্বপ্ন পূরণ" করতে বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়ে আতলেতিকো কর্তৃপক্ষের সাথে তার কথা হয়েছে।

তবে আতলেতিকোর প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিন সাফ জানিয়ে দিয়েছেন, ২০০ মিলিয়ন ইউরো পেলেও দলের এই সেরা সম্পদকে তারা বিক্রি করবেন না। সিমেওনেও ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সিমেওনে বলেন, “মিগেল আনহেলই ক্লাবের মালিক। মালিকের কথার চেয়ে চূড়ান্ত আর কিছু হতে পারে না। এটি বিচারকের রায়ের মতো একেবারেই স্পষ্ট। মাঠের পারফরম্যান্সের দিক থেকে আমরা চাই খেলোয়াড় হিসেবে তিনি তার মান ধরে রাখুক। প্রথম ম্যাচের জন্য আমরা তাকে রাখছি না, তবে আশা করি আগামী চার দিনের মধ্যে তাকে শতভাগ প্রস্তুত পাব।”

আতলেতিকোর হয়ে ১০৬ ম্যাচে ৪৯টি গোল করা আলভারেজকে নিয়েই আগামী রোববারের ভিয়ারিয়ালের বিপক্ষে হোম ম্যাচের পরিকল্পনা করছেন সিমেওনে।

সিমেওনে আরও যোগ করেন, “খেলাধুলার বিষয়গুলো আমিই সামলাই। রবিবার তাকে সেরা ফর্মে পেতে আরও কিছু অনুশীলন প্রয়োজন। তিনি আমাদের দলের সেরা খেলোয়াড় এবং তাকে কেন্দ্র করেই আমরা পুরো দল গঠন করার চেষ্টা করব।”