সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে আরেক শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে আরেক শ্রমিকের মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূলে জাহাজভাঙা কারখানা একটি স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলী (৫০) শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বুধবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট ১০ জন শ্রমিক মারা যান। নিহত ইদ্রিস আলীর বাড়ি জামালপুরে।

গত শুক্রবার সকালে দুর্ঘটনার পর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।  

আজ বৃহস্পতিবার তার মরদেহ গ্রামের বাড়ি জামালপুরে পাঠানো হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ইদ্রিস আলীকে অসুস্থ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।

ন্যাশনাল হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. ফারুক বলেন, ইদ্রিস নামের এক রোগীর বুধবার মৃত্যু হয়েছে। তিনি দুর্ঘটনার দিন থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি ছিলেন।