কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
প্রতিকি ছবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও ফুলবাড়ীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
জেলার ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুরের পশ্চিম পাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের মৃত ছপরুদ্দিনের ছেলে মোহাম্মদ ইউনুছ আলী (৭০) তার বসতবাড়ির পেছনে একটি খালে মাছ ধরার জন্য সেচ পাম্পে বিদ্যুতের তার লাগিয়ে পানি নিষ্কাশনের সময় বিদ্যুতের তার পায়ে জড়িয়ে গেলে তিনি মাটিতে পড়ে গিয়ে মারাত্মক আহত হন।
এসময় তার তিন বছরের নাতনী সিনহা আহত হয়। পরে তাদের দ্রুত পরিবারের লোকজন উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় ইউনুছ আলী মারা যান।
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, জেলার ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আশরাফুল আলম (৪৫)।
তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়ন উত্তর ভরতের ছড়া এলাকার মৃত গঞ্জের আলী আকন্দের ছেলে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মায়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলের দিকে জমিতে সেচ দেয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত আশরাফুল আলম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ শক্ত হয়ে গিয়েছিল।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।