মুন্সীগঞ্জে অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার ৪

মুন্সীগঞ্জে অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার ৪

প্রতিকি ছবি

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা, একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন—নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মুক্তিনগর এলাকার মোঃ শামীম সৌরভ (৩২), বরগুনার আমতলী থানার মুন্সীরহাট এলাকার মোঃ শাকিব (২৪), নারায়ণগঞ্জের বন্দর থানার বারপাড়া এলাকার মোঃ হাবিবুর (৪০) এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার হাসাইল এলাকার মোঃ কাশেম ঢালী (৫০)।

পুলিশ জানায়, গত ১৯ আগস্ট বিকেলে গজারিয়া থানার চরবাউশিয়া এলাকায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করছিল।

এ সময় একটি অটোরিকশায় দুই ব্যক্তিকে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাদের একজনের কাছে পুলিশের ওয়াকিটকির মতো একটি যন্ত্র এবং অপরজনের কাছে হ্যান্ডকাফ দেখতে পাওয়া যায়। পুলিশ তাদের থামার সংকেত দিলে তারা অটোরিকশাটি নিয়ে গলির ভেতর ঢুকে পড়েন। পরে বড়কান্দি এলাকার জেনেসিস কিন্ডারগার্টেন স্কুলের সামনে পুলিশ তাদের গতিরোধ করে।

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মোঃ শামীম সৌরভ (৩২) ও মোঃ শাকিব (২৪) বলে পরিচয় দেন। তাদের কথাবার্তা অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের তল্লাশি করে একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি সদৃশ সরঞ্জাম উদ্ধার করে। প্রথমে তারা নিজেদের পুলিশ সদস্য দাবি করলেও পরিচয়পত্র দেখাতে পারেননি।

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে হ্যান্ডকাফ ও ওয়াকিটকি প্রদর্শনের মাধ্যমে সড়কে চলাচলরত অটোরিকশাচালকদের প্রতারণার ফাঁদে ফেলে অটোরিকশা চুরি করতেন।

চুরি করা অটোরিকশা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন তারা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে গজারিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়। আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশার ক্রেতা মোঃ হাবিবুর (৪০)কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে দুটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

পরে হাবিবুরকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশাসহ মোঃ কাশেম ঢালী (৫০)কে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকেও একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা, একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি সদৃশ সরঞ্জাম। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং চুরি করা অন্যান্য অটোরিকশার সন্ধানে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।