আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশে দুই হলিউড সিনেমা
ছবি: সংগৃহীত
আগামী ২১ আগস্ট আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের মাল্টিপ্লেক্স চেইন ‘স্টার সিনেপ্লেক্স’-এ একই দিনে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের দুই চলচ্চিত্র। সেগুলো হলো, ভৌতিক ঘরানার জনপ্রিয় ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ এবং জনপ্রিয় অ্যানিমেশন সিরিজের ছবি ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’।
সনি পিকচার্সের অতিপ্রাকৃতিক ভৌতিক ফ্র্যাঞ্চাইজি ‘ইনসিডিয়াস’-এর ষষ্ঠ কিস্তি ‘আউট অব দ্য ফারদার’ পরিচালনা করেছেন জ্যাকব চেজ। ২০২৩ সালের ‘দ্য রেড ডোর’-এর পর নির্মিত এই ছবিতে জেমা নামের এক তরুণী মায়ের গল্প তুলে ধরা হয়েছে, যে আবিষ্কার করে তার ‘দ্য ফারদার’ নামক অতিলৌকিক রাজ্যে প্রবেশের বিশেষ ক্ষমতা রয়েছে।
তবে সেই ক্ষমতা ব্যবহারের সাথে সাথে ভয়ংকর অতিপ্রাকৃত সত্তারা বাস্তব জগতে ছড়িয়ে পড়তে শুরু করলে চরম বিপদে পড়ে তার পরিবার। চলচ্চিত্রটিতে জেমা চরিত্রে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন-সেলার্স এবং লিন শে।
অ্যানিমেশনপ্রেমীদের আনন্দ দিতে আসছে ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’। ক্যাল ব্রুঙ্কার পরিচালিত এই চলচ্চিত্রটি ২০২৩ সালের হিট ছবি ‘পাও পেট্রোল: দ্য মাইটি মুভি’-এর সিক্যুয়েল। গল্পের শুরুতে একটি রহস্যময় ঝড়ের কবলে পড়ে পাও পেট্রোল দলটি এক অজানা, ডাইনোসর অধ্যুষিত দ্বীপে গিয়ে পড়ে। সেখানে নতুন বন্ধু ‘জবী’র সহায়তায় দ্বীপটিকে সুপ্ত আগ্নেয়গিরি ও খলনায়ক মেয়র হামডিঙ্গারের হাত থেকে বাঁচাতে এক ঝুঁকিপূর্ণ অভিযানে নামে তারা।
সিনেমাটিতে কণ্ঠ দিয়েছেন কার্টার ইয়ং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন ও স্নুপ ডগসহ বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। ছবিটিতে বিখ্যাত ব্যান্ড ‘ব্যাকস্ট্রিট বয়েজ’-এর নতুন গানও যুক্ত করা হয়েছে।