ডেঙ্গু প্রতিরোধে চসিকের অভিযান
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটাস্হ ব্রিকফিল্ড রোড ও আশরাফ আলী রোডে ডেঙ্গু প্রতিরোধ, যত্রতত্র ময়লা-আবর্জনা ও রাস্তায় নির্মাণ সামগ্রী রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ।
অভিযানে পাথরঘাটা ব্রিকফিল্ড রোড ও আশরাফ আলী রোডে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাসাবাড়ির ছাদ বাগান, নির্মাণাধীন ভবন সরজমিন পর্যবেক্ষণ করা হয় এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এই সময় রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা, বাসার নিচের নালায় জমাটবদ্ধ পানি থাকায় ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার অপরাধে তিন ব্যক্তির মামলা রুজু পূর্বক ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চসিকের পক্ষ থেকে এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হয়।