নারায়ণগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল চার শিশুর

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল চার শিশুর

প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহত চার শিশু হলো-ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। ওজাইফার বাবা আলআমিন, আফসার বাবা মুন্না, রিয়া মনির বাবা জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবা রাকিব।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরের পর থেকে শিশু চারজনকে এলাকায় দেখা যাচ্ছিল না। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ বাড়তে থাকে স্বজনদের মধ্যে।

পরে মুন্নার বাড়ির কাছের একটি পুকুরের পাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এতে তাদের সন্দেহ হয়, শিশুরা হয়তো পুকুরে নেমেছিল।

এরপর স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশির পর পানির নিচ থেকে একে একে চার শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। চার শিশুর মধ্যে দুজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল। অন্য দুই শিশুকেও স্থানীয় ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে চার শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে খানপাড়া এলাকার পরিবেশ।

ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

একসঙ্গে চার শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোক ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।