সোমালিয়া উপকূলে তুর্কি অস্ত্রবাহী জাহাজ ছিনতাই, ১০ নাবিক জিম্মি

সোমালিয়া উপকূলে তুর্কি অস্ত্রবাহী জাহাজ ছিনতাই, ১০ নাবিক জিম্মি

ছবিঃ সংগৃহীত।

সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে অস্ত্র ও উচ্চপ্রযুক্তির সামরিক সরঞ্জাম বহনকারী একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে সশস্ত্র জলদস্যুরা।অপহৃত ক্যামেরুনের পতাকাবাহী জাহাজে অন্তত ছয়জন ভারতীয় নাগরিকসহ মোট ১০ জন নাবিক ও নিরাপত্তা কর্মী জিম্মি রয়েছেন।  

পুন্টল্যান্ডের স্থানীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, লুতুফ নামের এই জাহাজটি তুরস্ক থেকে অস্ত্র, উন্নত প্রযুক্তির যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম নিয়ে মোগাদিসুতে অবস্থিত তুর্কি সামরিক প্রশিক্ষণ ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা করেছিল।

পথিমধ্যে পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারায়া উপকূলের প্রায় সাড়ে তিন নটিক্যাল মাইল অদূরে সশস্ত্র আটজন জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আক্রমণকারী জলদস্যু দলটি এর আগে গত এপ্রিল মাসে সওয়ার্ড নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ হাইজ্যাকের ঘটনার সঙ্গে জড়িত ছিল। জাহাজটি দখলের পর জলদস্যুরা এটিকে গারমাল উপকূলের দিকে নিয়ে যায়। জিম্মি কর্মীদের মধ্যে ছয়জন ভারতীয় নাবিক ছাড়াও একজন তুর্কি নাগরিক, একজন জর্জিয়ান এবং দুজন সার্বিয়ান নিরাপত্তা কর্মী রয়েছেন। এই জাহাজটি পোলার মুভমেন্ট শিপিং নামক একটি সংস্থার মালিকানাধীন।

তবে অত্যন্ত সংবেদনশীল এই সামরিক ও কৌশলগত পণ্য ছিনতাইয়ের ঘটনায় এখনো পর্যন্ত ভারত বা তুরস্ক সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

ছিনতাইয়ের পরপরই তুরস্কের দু'টি বাণিজ্যিক জাহাজ অপহৃত লুতুফর কাছাকাছি পৌঁছায় এবং ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে পুরো পরিস্থিতির ওপর কড়া নজরদারি শুরু করা হয়। এরই মধ্যে উপকূলীয় এলাকায় একটি সন্দেহজনক বিমান হামলার খবর পাওয়া গেছে।