ছোট চিংড়ি দিয়ে মুরগির ঝোল
ছবিঃ সংগৃহীত।
ব্রিটিশ আমলে গোয়ালন্দ ঘাট ছিল পূর্ব বাংলা থেকে কলকাতাগামী যাত্রীদের গুরুত্বপূর্ণ যাত্রাপথ।পদ্মা পার হওয়ার এই পথে স্টিমারের রান্নাঘরে তৈরি হতো ছোট চিংড়ি দিয়ে মুরগির ঝোল। অল্প মসলায় তৈরি এই পদটি এতটাই জনপ্রিয় ছিল যে পরে এটি ‘গোয়ালন্দ স্টিমার কারি’ নামে পরিচিত হয়ে ওঠে।
পুরোনো এই পদ বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল। তবে এখন সেই রেসিপি অনেকেই জানেন না। সেই পুরোনো স্বাদ ঘরেই তৈরি করতে পারেন সহজ এই রেসিপিতে। আসুন শিখে নেই কীভাবে রান্না করা হতো ‘গোয়ালন্দ স্টিমার কারি’ বা ছোট চিংড়ি দিয়ে মুরগির ঝোল-
উপকরণ
মুরগি আধা কেজি
ছোট চিংড়ি ১০০ গ্রাম
পেঁয়াজ কুঁচি আধা কাপ
রসুন কুঁচি ১ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
আদা ১ ইঞ্চি
কাঁচা মরিচ ৬-৭টি
শুকনা মরিচ ৬-৮টি
মরিচ গুঁড়া পরিমাণমতো
হলুদ গুঁড়া ১ চা চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
সরিষার তেল ৫-৬ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগির সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন কুঁচি, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ, লবণ, হলুদ, মরিচ গুঁড়া ও সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিন। মাংসে মসলা ভালোভাবে যেন ঢোকে আর স্বাদ বাড়াতে হাতে মাখিয়ে ঢেকে রেখে দিন ২ ঘণ্টা।
এরপর ছোট চিংড়ি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিন। এবার চিংড়ি বেটে নিন। এই চিংড়িই ঝোলের স্বাদ ও গ্রেভি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটাই এই মুরগির ঝোলের বিশেষত্ব।
এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে শুকনা মরিচ ফোড়ন দিন। এরপর মেরিনেট করা মুরগি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে মুরগি ঢেকে ২০-২৫ মিনিট রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন। মাংস থেকে পানি বের হয়ে মসলা ভালোভাবে কষানো হলে চিংড়ি বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আধা কাপ গরম পানি দিন। আবার ঢেকে ১০ মিনিট রান্না করুন।
মুরগি ভালোভাবে সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার ব্রিটিশ আমলের জনপ্রিয় এই গোয়ালন্দ স্টিমার কারি।