কঠিনতম সমালোচনাও যুক্তি দিয়ে করা যায়, গলা উঁচু করে নয় : ড. চৌধুরী সায়মা
সংগৃহীত ছবি
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, পৃথিবীর কঠিনতম সমালোচনাও যুক্তি দিয়ে করা যায়,গলা উঁচু করে নয়। অনেক সময় দেখা যায়, আমাদের গলার স্বর উঁচু হলেও যুক্তি খুবই দুর্বল থাকে। বিতর্কের মূল উদ্দেশ্য হলো গঠনমূলক যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করা।
শুক্রবার (২১ আগস্ট) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, বর্তমান যুগে ঘরে বসেই বিশ্বের বিভিন্ন জ্ঞান ও তথ্য অর্জন করা সম্ভব। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা প্রযুক্তির কারণে এ ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। চাইলেই বিভিন্ন তথ্য সংগ্রহ করে শক্তিশালী যুক্তি দাঁড় করানো সম্ভব। মানুষের প্রধান শক্তির জায়গা হলো তার চিন্তাশক্তি।
তিনি বলেন, বিতর্কের ক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমানভাবে অংশগ্রহণ করা প্রয়োজন। ছেলে কিংবা মেয়ে- যার যুক্তি যত শক্তিশালী, তাকে এগিয়ে যেতে কোনো অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না। যুক্তিকে শাণিত করে বহুদূর এগিয়ে যেতে হবে। শক্তিশালী যুক্তির সামনে কোনো বাধাই টিকতে পারে না।
বিতর্ক শুরু করার আগে শিক্ষার্থীদের নিজেদের পরিবর্তনের বিষয়েও ভাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেষ কবে নিজেকে ইতিবাচকভাবে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েও চিন্তা করা জরুরি।
সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুস সাদি প্রমুখ।
কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একটি দল উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের একটি করে দলকে পাঁচ দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ দেবে।