টানা ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কৃত শিশু-কিশোররা
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের চাঁনমারী এলাকায় টানা ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কৃত হয়েছে শিশু ও কিশোররা। শিশু-কিশোরদের মোবাইলসহ বিভিন্ন নেতিবাচক আসক্তি থেকে দূরে রেখে মসজিদমুখী করতেই এ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় উত্তর চাষাঢ়া চাঁনমারী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার হিসেবে ছিল সাইকেল, স্কুলব্যাগ, চকলেট বক্স ও সান্ত্বনা পুরস্কার।
আয়োজনের উদ্যোক্তা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের সভাপতি মো. নাঈম হোসেন মিশাল বলেন, বিভিন্ন এলাকায় শিশুদের মসজিদমুখী করতে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিযোগিতার আয়োজন দেখে তিনি এ উদ্যোগে অনুপ্রাণিত হয়েছেন।
তিনি বলেন, বর্তমান সময়ে অনেক শিশু-কিশোর মসজিদমুখী হচ্ছে না। তারা মোবাইল আসক্তিসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতেই চাঁনমারী এলাকায় ৪০ দিনের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নাঈম হোসেন মিশাল জানান, শুরুতে ৫৫ জন শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নিলেও শেষ পর্যন্ত ২৬ জন নিয়মিত অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১১ জন টানা ৪০ দিন নিয়মিত জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে। অনেক শিশু ফজরের নামাজও মসজিদে এসে আদায় করেছে বলে তিনি জানান।
তিনি বলেন, প্রথমে নিজ এলাকায় এ উদ্যোগ শুরু করা হয়েছে। ভবিষ্যতে নারায়ণগঞ্জজুড়ে এ ধরনের আয়োজন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
উত্তর চাষাঢ়া চাঁনমারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহমান বলেন, শিশুদের নামাজের জন্য উৎসাহিত করতে হবে। তারা নামাজি হলে নামাজ তাদের অন্যায় ও অসৎ কাজ থেকে বিরত রাখতে সহায়তা করবে। তিনি এ উদ্যোগের উদ্যোক্তাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ বলেন, এলাকার সব মসজিদে শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সমাজের সব অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।