উপজেলা ছাত্রলীগ সভাপতি মিশন ফের গ্রেপ্তার

উপজেলা ছাত্রলীগ সভাপতি মিশন ফের গ্রেপ্তার

সংগৃহীত ছবি

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সভাপতি আনোয়ার হোসেন মিশনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার নাইঘর (মধ্যপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বছরও তিনি গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন।

গ্রেপ্তার আনোয়ার হোসেন মিশন উপজেলার নাইঘর (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার একটি দল নাইঘর গ্রামে অভিযান চালায়।

এসময় নিজ এলাকা থেকে আনোয়ার হোসেন মিশনকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আনোয়ার হোসেন মিশন জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি মামলার এজাহারভুক্ত আসামি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

ওসি আরো জানান, গত বছরও তিনি গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন।

গ্রেপ্তার মিশনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।