নওগাঁয় যুবককে পুড়িয়ে হত্যার চেষ্টা
প্রতিকি ছবি
নওগাঁর বদলগাছীতে মাদক মামলায় উপস্থিত সাক্ষী হওয়ায় এক যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদক মামলার আসামির বিরুদ্ধে। এতে ওই যুবকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় এক পথচারীও আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াই টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত যুবক মো. পাখি (৩৮) উপজেলার কয়া ভবানীপুর গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে। আহত পথচারী পুকুরিয়া গ্রামের মৃত লছির উদ্দিনের স্ত্রী হাজেরা বেগম (৬০)। আহত পথচারী নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) একই গ্রামের সোনারপাড়া এলাকার মৃত আক্তার মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মো. পাখি বদলগাছী থেকে কোলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওত পেতে থাকা আসাদুজ্জামান টুটুল একটি বোতলে পেট্রোল নিয়ে তাতে আগুন ধরিয়ে পাখির শরীর লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে রেফার করে নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত টুটুলকে ধাওয়া করে কেশাইল এলাকায় আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গত ২৫ জুলাই মাদকসহ আসাদুজ্জামান টুটুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বদলগাছী থানায় ২৫ জুলাই মামলা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (ক) ও ১০(ক) ধারায় মামলা হয়। ১০ দিন পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকার কয়েক ব্যক্তিকে মারধরের হুমকি দিয়ে আসছিলো। পুলিশ আরো জানায়, ওই মাদক মামলায় গ্রেপ্তারের সময় উপস্থিত সাক্ষী ও স্থানীয় কয়েকজনের ওপর ক্ষুব্ধ ছিলেন টুটুল। জামিনে মুক্ত হওয়ার পর থেকে তাঁদের মারধরের জন্য তিনি সুযোগ খুঁজছিলেন বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় পাখিকে একা পেয়ে তার শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, আসাদুজ্জামান টুটুল পুলিশ হেফাজতে আছে। তিনি মাদকাসক্ত ব্যক্তি। থানায় তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ। আহত পাখির চিকিৎসা চলছে।