ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুদূষণে শীর্ষে কিনশাসা

ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুদূষণে শীর্ষে কিনশাসা

ফাইল ছবি

আজ (রবিবার) সকালে রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা স্বস্তির চিত্র দেখা গেছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সরাসরি বৈশ্বিক সূচকে এ সময় ঢাকার বায়ুমান ছিল ৬৬, যা ‘মাঝারি’ পর্যায়ের।

বিশ্বের বড় শহরগুলোর মধ্যে ৬৬ বায়ুমান সূচক নিয়ে ঢাকার অবস্থান ছিল ৩২তম। অর্থাৎ একই সময়ে ঢাকার চেয়ে বেশি দূষিত ছিল ৩১টি শহর।

অন্যদিকে ২৩৭ বায়ুমান সূচক নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় শীর্ষে ছিল কঙ্গোর কিনশাসা। শহরটির বাতাস ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ৫১ থেকে ১০০ পর্যন্ত বায়ুমান সূচক ‘মাঝারি’। ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

রবিবার সকালের দূষিত শহরের তালিকায় কিনশাসার পর ছিল উগান্ডার কাম্পালা, মালয়েশিয়ার কুচিং, ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতের দিল্লি, কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ইরাকের বাগদাদ, চীনের চেংদু এবং ইসরায়েলের তেল আবিব-ইয়াফো।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর প্রধান দূষক হিসেবে অতিসূক্ষ্ম কণা পিএম ২ দশমিক ৫ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আবহাওয়া, বাতাসের গতি ও স্থানীয় দূষণের পরিস্থিতির কারণে বায়ুমান সূচক ও বৈশ্বিক অবস্থান দ্রুত পরিবর্তিত হতে পারে।