মালেশিয়ায় সাপ ধরার কৌশল প্রদর্শনীতে কর্মকর্তার মৃত্যু

মালেশিয়ায় সাপ ধরার কৌশল প্রদর্শনীতে কর্মকর্তার মৃত্যু

প্রতিকী ছবি

সাপ ধরার কৌশল প্রদর্শনের সময় কিং কোবরার কামড়ে এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে।মালয়েশিয়ার তেমেরলোহে স্থানীয় একটি কমিউনিটি অনুষ্ঠানে সাপটি ধরার কৌশল দেখানোর সময় তাকে কামড় দেয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম বিএইচের প্রতিবেদনে বলা হয়, নিহত কর্মকর্তা সার্জেন্ট মুহাম্মাদ মুজাম শাহ কামারদিনের বয়স ৩৯ বছর। সুলতান হাজি আহমাদ শাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাহাং সিভিল ডিফেন্স ফোর্সের পরিচালক কর্নেল চে আদাম এ রহমান জানান, নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার পর কামপুং বুকিত কেলুলুত মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানকার মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুহাম্মাদ মুজাম শাহ অবিবাহিত ছিলেন। তার এক বড় বোন রয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তেমেরলোহ জায়ার দেওয়ান তামান এলাকায়। সরকারি একটি দেশব্যাপী স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা সাপ ধরার কৌশল প্রদর্শন করছিলেন। ওই সময় একটি কিং কোবরা তার ডান হাতের মধ্যম আঙুলে কামড় দেয়।

কামড়ের পর মুজাম শাহ অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে গিয়ে হাত ধুতে শুরু করেন। এর কিছুক্ষণ পরই তিনি বাইরে পড়ে যান।

পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালের সংকটাপন্ন রোগীদের জন্য নির্ধারিত ‘রেড জোনে’ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।