নাগেশ্বরীতে ডোবা থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নাগেশ্বরীতে ডোবা থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার সকালে উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট এলাকার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিদলিয়ারপাড় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, নিহত যুবকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, কিংবা কতদিন আগে তার মৃত্যু হয়েছে— এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকালে ডোবায় মাছ ধরতে গিয়ে জেলে জাক্কেল মিয়া পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান। স্থানীয়রা বিষয়টি ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামকে অবহিত করেন। পরে তিনি নাগেশ্বরী থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরণে ছিল কালো প্যান্ট এবং কোমরে একটি বেল্ট।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।