সকালে খালি পেটে যে ৫ খাবার খাওয়া ক্ষতিকর

সকালে খালি পেটে যে ৫ খাবার খাওয়া ক্ষতিকর

ফাইল ছবি

সকালের নাশতা হলো দিনের প্রথম খাবার। তাই সবার উচিত এটিতে গুরুত্ব দেওয়া। সকালের খাবার বাদ দেওয়া বা খালি পেটে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস আপনার স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেকেরই সকালে উঠে খালি পেটে চা খাওয়ার অভ্যাস আছে। কেউ আবার খালি পেটে কফি খান। কারও দিন শুরু হয় এক গ্লাস ফলের রস দিয়ে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম থেকে ওঠার পর পাকস্থলী দীর্ঘ সময় খালি থাকায় খাবারের ব্যাপারে সতর্ক থাকা জরুরি। তা না হলে কিছু খাবার বা পানীয় থেকে পেটের সমস্যা, অ্যাসিডিটি, এমনকি সারা দিন অস্বস্তি লেগে থাকতে পারে।।

চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে কোন খাবারগুলো খাওয়া শরীরের জন্য ক্ষতিকর-

চা বা কফি

সকালের চা বা কফি দিয়ে অনেকে নিজের দিন শুরু করেন। কিন্তু খালি পেটে কফি ও চা পাকস্থলীতে অম্লের ক্ষরণ বাড়াতে পারে। এর ফলে অম্বল, বুকজ্বালা, বমিভাব বা পেটে অস্বস্তিভাব দেখা দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই অ্যাসিড হওয়ার সমস্যা রয়েছে, তাদের মধ্যে এই ঝুঁকি বেড়ে যায়। এর চেয়ে সকালে সামান্য কিছু খাওয়ার পরে চা খাওয়া ভাল। কফি শরীরকে চাঙ্গা করলেও খালি পেটে তা সব সময় উপকারী নয়। তাই সকালের প্রথম পানি বা হালকা খাবার বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

গ্রিন টি

গ্রিন টিতে ক্যাফিন এবং ট্যানিন থাকায় খালি পেটে এটি খাওয়া হলে গা বমি, অ্যাসিডিটি অথবা পেটের সমস্যা দেখা দিতে পারে। সবার ক্ষেত্রে এমনটা নাও হতে পারে। তবে যাদের অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রিক আলসার, পেপ্টিক আলসার, ইরিটেব্‌ল বাওয়েল সিনড্রোম, কিংবা ডায়াবেটিস আছে তাদের অবশ্যই সতর্ক থাকা জরুরি।

সাইট্রাস জাতীয় ফল

খালি পেটে অতিরিক্ত টক ফল বা সাইট্রাস জাতীয় ফল খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। কারণ, এসব ফলে অম্ল উপাদান অনেক বেশি থাকে। যেমন, আনারস বা কমলালেবুর মতো ফল অন্ত্রে প্রদাহ বাড়াতে পারে। তাই খালি পেটে এই ধরনের খাবার না খাওয়াই উত্তম।

তেল-ঝাল-মসলাযুক্ত খাবার

অনেকে সকালে ঘুম থেকে উঠেই ঝাল, মসলা জাতীয় খাবার খান। এতে পাকস্থলীর আস্তরণে জ্বালা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে অম্বলের সমস্যাও বাড়াতে পারে। এছাড়া সকালে খালি পেটে অতিরিক্ত মিষ্টি খাবার খেলে রক্তে শর্করা দ্রুত ওঠানামা ঘটাতে পারে। অন্যদিকে কার্বোনেটেড পানীয় খেলে পেটফাঁপা, গ্যাস হয়ে অস্বস্তির কারণ হতে পারে। অ্যাসিডিটির সমস্যা থাকলে অবশ্যই এ ধরনের খাবার খাওয়ার ব্যাপারে বেশি সতর্ক হওয়ার দরকার।

ফলের রস

গোটা ফলে যে পরিমাণ ফাইবার থাকে, ফলের রসে তা থাকে না। ফাইবার ছাড়া সকালে মিষ্টি ফলের রস খেলে রক্তে দ্রুত শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। কিছুক্ষণ পরে দ্রুত নেমেও যেতে পারে। এর ফলে দুর্বলতা, খিদে বা শক্তি কমে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাই ফলের রসের চেয়ে গোটা ফল খাওয়াই বেশি উপকারী।

সূত্র: এই সময়, নিউজ এইট্টিন