ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের
সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর চিকিৎসাধীন কয়েক ডজন নবজাতককে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। ওই সময় অমরাবতী জেলা মহিলা হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিট (এসএনসিইউ)- এ ৩৯ শিশু ভর্তি ছিল।
আগুনে তিন নবজাতক গুরুতর দগ্ধ হয় এবং শ্বাসকষ্টে মারা যায়।
আগুন লাগার খবর পেয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্য কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা চিকিৎসা সরঞ্জাম বিচ্ছিন্ন করে একে একে নবজাতকদের আগুনে আক্রান্ত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
গুরুতর আহত ছয় নবজাতককে চিকিৎসার জন্য কাছের সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যায়নি।