ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ আহত ৩

ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ আহত ৩

ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত অ্যাম্বুলেন্সের চালক মোবারক হোসেনকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ভাঙ্গা হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুরের নেছারাবাদগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্সের সঙ্গে বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনজন আহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। 

গুরুতর আহত মোবারক হোসেন শেরপুর জেলার বাসিন্দা। আহত অন্য দুজন হলেন অ্যাম্বুলেন্সে থাকা পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের শিহাব হোসেন (২৫) ও রওশনারা বেগম (৬৫)। 

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।