বাউবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী
সংগৃহীত
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ইউজিসির হিট প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ’-এর সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণই যথেষ্ট নয়, শিক্ষকদের আজীবন জ্ঞানচর্চা, জ্ঞান আহরণ, বিতরণ ও গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। একজন শিক্ষককে শুধু পাঠদান করলেই চলবে না, শিক্ষার্থীদের কল্যাণ ও বিকাশের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের সুখ-দুঃখ, আপদ-বিপদে পাশে দাঁড়ানো এবং তাদের কাছ থেকেও শেখার মানসিকতা একজন আদর্শ শিক্ষকের অন্যতম গুণ। শিক্ষকতার পেশায় আনন্দ, মূল্যবোধ ও জ্ঞানসাধনার সমন্বয় ঘটাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচি একটি বৈচিত্র্যময় ও গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রতি শিক্ষার্থী, প্রতিষ্ঠান ও সমাজের বিশেষ প্রত্যাশা থাকে। তাই শিক্ষকদের দক্ষ পাঠদান, নিরপেক্ষ মূল্যায়ন, শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক আচরণ এবং ব্যক্তিজীবনে আদর্শ ও মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব ও বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, হিট প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমীর ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম ও হিট প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কোর্স পরিচালক ও বাউবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।
প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মধ্যে অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়। চার মাসব্যাপী অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্নকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনুষ্ঠানের অতিথিবৃন্দের কাছ থেকে এ সনদপত্র গ্রহণ করেন।