খালেদা জিয়ার জন্মবার্ষিকী স্মরণে মোংলায় ছাত্রদলের বৃক্ষরোপণ
সংগৃহীত
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মোংলা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর ছাত্রদল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্রদলের ১৪২ বীর শহীদের স্মরণে সোমবার এ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে. এম. রব্বানী। আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক সাহারা বেগম, প্রভাষক রূপা দাস, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডলার মোল্লা, পৌর ছাত্রদল নেতা সাহেদ মাহমুদ সাকিব, ছাত্রনেতা সিয়াম, আরমান, তামিম ও রাতুল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর কে. এম. রব্বানী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে বৃক্ষরোপণ জোরদার করার আহ্বান জানান।
অন্য বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় নেওয়া এই উদ্যোগ জলবায়ু সংকট নিরসনে মাইলফলক হয়ে থাকবে। উল্লেখ্য, পৌর ছাত্রদলের পক্ষ থেকে ৪ দিনব্যাপী এই কর্মসূচিতে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হবে।