নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

ফাইল ছবি

 

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে সুন্দরবনের দুয়ার। সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণের সুযোগ পাবেন সাতক্ষীরার উপকূলীয় এলাকার জেলে-বাওয়ালিরা।

একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের জন্যও খুলে দেওয়া হবে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলো। ফলে দীর্ঘদিন কর্মহীন থাকা বননির্ভর মানুষদের মধ্যে ফিরেছে স্বস্তি ও নতুন করে বেঁচে থাকার প্রত্যাশা।

সুন্দরবন খোলার প্রস্তুতি শুরু করেছে বন বিভাগ। জেলে-বাওয়ালিদের বৈধভাবে পাস-পারমিট দেওয়া, নৌযান ও বনজীবীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজসম্পদ রক্ষায় নজরদারি জোরদারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সরকারি বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন আবার সবার জন্য উন্মুক্ত করা হবে। নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌপুলিশ যৌথভাবে নজরদারি চালিয়েছে।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন পুনরায় উন্মুক্ত হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে চলতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় প্রতিবছরের মতো এবারও এই তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালি, গোলপাতা সংগ্রহকারীসহ পর্যটকদের সুন্দরবনে প্রবেশের জন্য কোনো পাস বা অনুমতিপত্র দেওয়া হয়নি।