অটোরিকশার গোপন বক্সে মিলল ২০ লাখ টাকার মাদক
সংগৃহীত ছবি
নেত্রকোনার দুর্গাপুরে একটি অটোরিকশায় বিশেষভাবে তৈরি গোপন বক্স থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।
নেত্রকোনার দুর্গাপুরে একটি অটোরিকশায় বিশেষভাবে তৈরি গোপন বক্স থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হৃদয় মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে দুর্গাপুর পৌর শহরের শিমুলতুলি এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল জব্দ করা হয়। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
আটক হৃদয় মিয়া পৌর শহরের মার্কাস মসজিদ এলাকার আবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বুধবার একটি চেকপোস্টে দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা থানায় ফিরছিলেন। পথে শিমুলতুলি এলাকায় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক অটোরিকশার গতি বাড়িয়ে পাশের একটি গলিতে ঢুকে পড়েন। এতে সন্দেহ আরও বাড়লে পুলিশ অটোরিকশাটিকে ধাওয়া করে। একপর্যায়ে চালক অটোরিকশা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে অটোরিকশাটি তল্লাশি করে বিশেষভাবে কাস্টমাইজ করা গোপন বক্সের ভেতর থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হৃদয় মিয়া শহরের মার্কাস মসজিদ এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, ফেনসিডিলগুলো দ্বিতীয় পক্ষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এর সঙ্গে আরও কোনো চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।