বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস সহনীয়

বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস সহনীয়

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিনদিন বাড়ছেই। এমন অবস্থায় ২১৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।

বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

 

অন্যদিকে বায়ুমান স্কোর ৯৭ নিয়ে তালিকার ১৮ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

 

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, কঙ্গোর রাজধানী কিনশাসার পরের অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। যার বায়ুমান স্কোর ১৭৩। বাতাসের এই অবস্থান মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা।

যার বায়ুমান স্কোর ১৫৭। এর পরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, পাকিস্তানের লাহোর, উগান্ডার কাম্পালা ও ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।

 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।