নদী থেকে একে একে ভেসে এলো দুই শিশুর লাশ
সংগৃহীত ছবি
দিনাজপুরের সদর উপজেলার ভূষির বন্দরে আত্রাই নদীতে থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাদেরকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
নিহত শিশুরা সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের হাড়গাঁ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী শর্মি ইসলাম (১২) ও একই গ্রামের বাবুলর মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী বৃষ্টি (১০)।
এদের মধ্যে বৃষ্টির মরদেহ আজ ভোর সাড়ে ৫টায় ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে ঝানজিরা ফিরিঙ্গীর ঘাট থেকে উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাত ৮টায় শর্মির মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়।
পার্শ্ববর্তী উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিরুল ইসলাম জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে তিন শিশু কন্যা দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের ভূষিরবন্দর বেগুনতাড়া গ্রামের সুইজগেট সংলগ্ন আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।
এদের মধ্যে একজন মেয়ে সাঁতরে উঠতে পারলেও দুইজন পানিতে তলিয়ে যায়। সে সময় ওই মেয়ের চিৎকারে গ্রামের মানুষ দল বেধে নদীতে নেমে খোঁজাখুজি করলেও তাদের খুঁজে পায়নি। পরে বিষয়টি কোতয়ালী থানায় জানালে পুলিশ দিনাজপুর ফায়ার সার্ভিসকে অবগত করে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
পরে রংপুর থেকে ডুবুরি এসে উদ্ধার কাজে অংশ নেয়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, আজ সকাল সাড়ে ৯টায় এক সঙ্গে দুই শিশুর জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।