বর্গাচাষের জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

বর্গাচাষের জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

প্রতিকী ছবি।

নেত্রকোনার বারহাট্টায় বর্গাচাষের জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছয়গাঁও গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন থানার ওসি চম্পক দাম।

নিহত কৃষক রফিকুল ইসলাম (৪০) ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছয়গাঁও গ্রামের আলকাস মাস্টারের জমিতে বর্গাচাষ করে আসছিলেন তাঁর ভাগনে আবুল হোসেন ও হিল্লোল। তবে ঠিকমতো ধানের ভাগ না দেওয়ায় আলকাস মাস্টার সম্প্রতি ওই জমি কৃষক রফিকুলকে চাষ করতে দেন। তিনি জমিতে চাষ করতে গেলে আবুল ও হিল্লোল তাঁকে বাধা দেন। এ নিয়ে কয়েক দিন ধরে চলা দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য আজ সকালে সালিস বৈঠকের আয়োজন করা হয়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।

নিহতের ভাই জহিরুলের অভিযোগ, রফিকুল ইসলামকে কিল-ঘুষি ও দেশীয় লাঠি দিয়ে মাথায় আঘাত করেন আবুল হোসেন ও হিল্লোল। রফিকুল অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী হাসিম উদ্দিন বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে দেখি আবুল ও হিল্লোল মিলে রফিকুলকে গেঞ্জির কলার ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন এবং তাঁর মাথা ও ঘাড়ে কিল-ঘুষি মারছেন। তাঁকে বাঁশের খুঁটি দিয়েও আঘাত করা হচ্ছিল। আমরা থামানোর চেষ্টা করেও ব্যর্থ হই। একপর্যায়ে রফিকুল অচেতন হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।’

ওসি চম্পক দাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।