সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনটি পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশে যে আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বসতেন, সেখানে এখন বসতে দেখা যাচ্ছে সালাহউদ্দিন আহমদকে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর পর এই দৃশ্য দেখা যায়।
গত মার্চে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন থেকেই তারেক রহমানের পাশের আসনটিতে বসতেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তখন স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্বে ছিলেন, বিএনপির মহাসচিবের দায়িত্বও পালন করছিলেন তিনি।
গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। তার মধ্য দিয়ে সংসদে তার আসন শূন্য হয়।
এমন প্রেক্ষাপটে সংসদে নতুন আসন বন্টনে ওই আসনটিতে এখন বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সালাহউদ্দিন বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য।