সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে ৮ মাদক কারবারি গ্রেফতার
ফাইল ছবি
সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে আট মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় এবং বৃহস্পতিবার সকালে সাভারের কাঞ্চনপুর বেঁদেপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার আসলাম ভূইয়া (৩১), রংপুরের মিঠাপুকুরের মিঠুন মিয়া (২৯), আশুলিয়ার উত্তর গাজীরচটের সুমন (২২), খুলনার সোনাডাঙ্গার দুলাল শেখ (৪৪), সাভারের বেঁদেপাড়া এলাকার ললিতা আক্তার (৩০), মহসীন (২৯), জাকিরুল ইসলাম (৩০) ও শেরাওয়ানা আক্তার (২৪)।
আশুলিয়া থানা পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পুলিশের পৃথক তিনটি দল অভিযান চালায়। বুধবার দুপুরে বগাবাড়ি বসুন্ধরা নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে আসলাম ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন রাতে গাজীরচট এলাকার ভূইয়াপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে অভিযান চালিয়ে মিঠুন মিয়া ও সুমনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে রাত সাড়ে ১০টার দিকে ধামসোনা ইউনিয়নের আড়িয়ারা মোড় নলিরপাড় এলাকায় অভিযান চালিয়ে দুলাল শেখকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক নির্মূল, সন্ত্রাস দমন ও সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে সাভারের কাঞ্চনপুর বেঁদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ললিতা আক্তার, মহসীন, জাকিরুল ইসলাম ও শেরাওয়ানা আক্তারকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।