ভেজাল সার ও বালাইনাশক তৈরির কারখানায় অভিযান

ভেজাল সার ও বালাইনাশক তৈরির কারখানায় অভিযান

সংগৃহীত ছবি

রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও বালাইনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম এবং বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কসহ ৭২ বস্তা ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে তৈয়ব আলীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার আব্দুল মালেক (৫০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল সার ও বালাইনাশক তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন। 

অভিযানে ৭২ বস্তা ভেজাল সার, সার ও বালাইনাশক তৈরির বিভিন্ন কাঁচামাল, সরঞ্জাম এবং সিনজেনটাসহ বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়ক জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল পারুল ইউনিয়ন পরিষদে রাখা হয়।  অভিযানের সময় আব্দুল মালেক বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

তারেক হাসান তাহসিন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, মাহাবুবার রহমান মন্ডল,আসাদুল ইসলাম,শামসুজ্জামান।