পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, মিললো ৯ বস্তা গাঁজা

পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, মিললো ৯ বস্তা গাঁজা

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজা নিয়ে যাওয়া একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। পরে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুকুর থেকে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা কসবা থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় কসবা থানা-পুলিশ। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাস পুলিশের নজরে পড়ে। সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামার সংকেত দিলে চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন।

পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে। একপর্যায়ে গাড়িটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। খিদিরপুর এলাকা পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাইক্রোবাসে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়। এ সময় পানিতে থাকা মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট বের হয়ে ভেসে উঠতে দেখা যায়।

পরে ক্রেনের সহায়তায় পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ি থেকে ৯ বস্তা ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক পুলিশের নির্দেশনা উপেক্ষা করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়।

তিনি আরও বলেন, পরে ক্রেনের মাধ্যমে মাইক্রোবাসটি উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা ৯ বস্তা গাঁজা জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।