জামাইয়ের কুড়ালের কোপে প্রাণ গেল শ্বশুরের
প্রতীকী ছবি
কালীগঞ্জে মেয়েকে নির্যাতনের প্রতিবাদ করায় মাদকাসক্ত জামাইয়ের এলোপাতাড়ি কুড়ালের কোপে আব্দুল মজিদ মোড়ল (৭০) নামের কলা ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকালে উপজেলার জামালপুর গুদারাঘাটসংলগ্ন কলাপট্টিতে ওই ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ মোড়ল জামালপুর মধ্যপাড়ার মৃত আলতু মোড়লের ছেলে।
অভিযুক্ত মোজাম্মেল হোসেন ওরফে মুজা সরকার উত্তর জামালপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা। মোজাম্মেল যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ও এলাকায় মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত।
নিহতের ছেলে বিল্লাল হোসেন মোড়ল জানান, তার বোন শাহানাজ বেগমের সঙ্গে স্বামী মোজাম্মেলের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। নিয়মিত মাদক সেবনের পর শাহানাজকে মারধর ও নির্যাতন করত মোজাম্মেল। এ কারণে একাধিকবার বাবার বাড়িতে চলে আসেন শাহানাজ।
সম্প্রতি বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। এর মধ্যে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে মোজাম্মেলের বিরুদ্ধে। মেয়েকে নির্যাতনের প্রতিবাদ করায় শ্বশুর মজিদ মোড়লের সঙ্গে বিরোধ তৈরি হয় জামাতার।
শুক্রবার জামালপুর বাজারে নিজের কলার দোকানে বসা ছিলেন শ্বশুর আব্দুল মজিদ মোড়ল। এ সময় ট্রলি ব্যাগে কুড়াল লুকিয়ে সেখানে হাজির হন যুবদলকর্মী জামাতা মোজাম্মেল। মজিদ কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ থেকে কুড়াল বের করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে মোজাম্মেল। এ সময় মজিদ মোড়ল মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।