বিদেশি শক্তির ইশারায় সরকারের সফলতা ব্যর্থ করার ষড়যন্ত্র হচ্ছে: গয়েশ্বর

বিদেশি শক্তির ইশারায় সরকারের সফলতা ব্যর্থ করার ষড়যন্ত্র হচ্ছে: গয়েশ্বর

ফাইল ছবি

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল বিদেশি শক্তির ইশারায় বর্তমান সরকারের সফল কর্মকাণ্ডকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সচেতন থাকার পাশাপাশি দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্র আপাতত দৃশ্যমান না হলেও ভবিষ্যতে দৃশ্যমান হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে হবে। সরকারের বয়স মাত্র ছয় মাস। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সরকারকে সময় দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কিছু কিছু ইতোমধ্যে বাস্তবায়ন করা শুরু করেছেন। একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থায় জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের দায়িত্ব। তবে বিগত ১৭ বছরে তৎকালীন সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। 

চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুভাঢ্যা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল, ঢাকা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।