পরাজিত পলাতক শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: মীর হেলাল

পরাজিত পলাতক শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: মীর হেলাল

সংগৃহীত ছবি

 

পরাজিত ও পলাতক শক্তি পরস্পর যোগসাজশে নানান কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবন চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলেন, বিএনপি কোনো অপশক্তির ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না। দেশের সব দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিয়ে পরাজিত ও পলাতক অপশক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের যাত্রা মাত্র শুরু হয়েছে। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সময় ও সবার সহযোগিতা প্রয়োজন। দেশের স্বার্থে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে  সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় বিএনপি সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন উপস্থিত ছিলেন। নগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, আবুল হাশেম, মুজিবুল হক, মো. মহসিন, মো. খোরশেদ আলম, মো. সালাউদ্দিন ও কামরুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।