তিনটি বাণিজ্যিক ফ্লোর বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

তিনটি বাণিজ্যিক ফ্লোর বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে অবস্থিত তিনটি বাণিজ্যিক ফ্লোর বিক্রি করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং। কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিন্ধান্ত নিয়েছে।শেয়ারহোল্ডারদের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই এসব বাণিজ্যিক ফ্লোরগুলো বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

রবিবার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব বাণিজ্যিক ফ্লোর বিক্রির জন্য সিদ্ধান্ত নিয়েছে মাইডাস ফাইন্যান্সিং সেগুলো হলো- রাজধানীর ধানমন্ডির নাহার গ্রীন সামিটে অবস্থিত একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস। হোল্ডিং নম্বর ৪৩ (নতুন), ৩০৫ (পুরনো), রোড নম্বর ১৬ (নতুন), ২৭ (পুরনো), ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানার এ সম্পত্তিটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। এর সঙ্গে আটটি গাড়ি পার্কিং আছে।

এছাড়া চট্টগ্রামের খুলশীর পূর্ব নাসিরাবাদে ৬২, জাকির হোসেন রোডের এক্সেল এসএম টাওয়ারের প্রথম তলায় থাকা একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস ও একটি গাড়ি পার্কিং বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং।

অন্য ফ্লোরটি বগুড়া সদরের রংপুর রোডের বড়গোলা এলাকায় অবস্থিত জামিল শপিং সেন্টারে। শপিং সেন্টারটির তৃতীয় তলায় থাকা বাণিজ্যিক ফ্লোরটির সঙ্গে একটি গাড়ি পার্কিং আছে।

বাণিজ্যিক ফ্লোরগুলোর বর্তমান বাজার দরে বিক্রি করবে বলে জানিয়েছে মাইডাস ফাইন্যান্সিং।

নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং শেয়রবাজারে ২০০২ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৪৩ কোটি ৮৯ লাখ টাকা।