প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য

প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য

সংগৃহীত

দক্ষিণাঞ্চলের সাত বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে আইটি কার্নিভাল ২০২৬ হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। একই প্রতিযোগিতার আইটি কার্নিভাল ও প্রোগ্রামিংয়ে দুটি দল দ্বিতীয় স্থান অর্জন করেছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটায় উপাচার্য অধ্যাপক মো. সোহেল হাসান তার অফিসকক্ষে বিজয়ীদের অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক মৃণাল কান্তি বাওয়ালি।

২৭ থেকে ২৯ আগস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিএসই অনুষদ ও সিএসই ক্লাব যৌথভাবে আইটি কার্নিভাল ২০২৬-এর আয়োজন করে। এতে ছিল হ্যাকাথন, প্রোগ্রামিং ও আইসিটি কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড এবং সেমিনার। এসব আয়োজনে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখে গোবিপ্রবির শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় সাফল্য পাওয়ায় বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. সোহেল হাসান। তিনি বলেন, “শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় গোবিপ্রবির শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে।”

প্রতিযোগিতায় কুয়েট, পবিপ্রবি, খুবি, ববি, ইবি ও যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে হ্যাকাথনে প্রথম স্থান অর্জন করে GSTU_Neuroblitzzzz দল। দলের সদস্য নকিবুল হাসান মজুমদার তাসির ও রুহিন আরমান অমি। হ্যাকাথনে দ্বিতীয় স্থান অর্জন করে Zeni’n Clan দল। এ দলের সদস্য কাজী মুশফিকুর রহমান ও ফারহান জামান অর্ক।

একই ইভেন্টের পিএসটিইউ ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (সাউথ জোন)-এও সাফল্য পেয়েছে গোবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে মো. শামিম খন্দকার, মো. শাকিল আহমেদ ও সরোয়ার আযমীর আলিফের দল ‘টিম ঝালমুড়ি’।

একই প্রতিযোগিতায় তিনটি সাফল্যকে সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ে গোবিপ্রবির শিক্ষার্থীদের অন্যতম অর্জন হিসেবে দেখছেন সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালি। তার মতে, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতারই প্রকাশ।