আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে টিসিবি শ্রমিকের মৃত্যু
প্রতিকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোকান খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ঠে ফজু রহমান (৫০) নামে টিসিবির এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালের দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজু রহমান মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির কাজে বেতনভুক্ত শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) সকালে টিসিবির পণ্য বিক্রির জন্য দোকান খোলার উদ্দেশ্যে ফজু রহমান শাটার তুলতে যান। এ সময় শাটারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিসিবির একজন বেতনভুক্ত শ্রমিক নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’