টঙ্গীতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

টঙ্গীতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

সংগৃহীত ছবি

 

গাজীপুরের টঙ্গীবাজার হাজীর মাজার বস্তিতে অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বস্তিতে এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার।

এসময় উপস্থিত ছিলেন রাজউকের উপ-পরিচালক (এস্টেট-২) আসাদুজ্জামান বিশ্বাস, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এসএম শফিকুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমানসহ প্রশাসন ও রাজউকের বিভিন্নস্তরের কর্মকর্তাগণ।

পুলিশ জানায়, টঙ্গীর হাজীর মাজার বস্তির বিভিন্নস্পটে অবৈধভাবে বেশ কয়েকটি মাদকের আস্তানা গড়ে তুলে গণহারে মাদক সেবন ও ক্রয়-বিক্রয় করে আসছিল একটি চক্র। প্রতিদিন শতশত তরুণ-যুবক মাজার বস্তিতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের জন্য আসতো। ইতিপূর্বে কয়েকবার পুলিশ ও যৌথবাহিনীর অভিযান চালানো হলেও মাদকসেবি ও কারবারিরা দমেনি। ফলে অভিযান চালিয়ে মাদকের আস্তানাগুলো গুঁড়িয়ে দেয়ার অভিযান শুরু হয়েছে। 

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার অপরাধীরা অপরাধ করে হাজীর মাজার বস্তিতে এসে আশ্রয় নেয়। ইতিপূর্বে এ মাজার বস্তিতে প্রায় ১০ বার অভিযান চালানো হয়। অভিযানকালে বেশ কয়েকটি মাদকের আস্তানা চিহ্নিত করা হয়। চিহ্নিত মাদকের আস্তানাগুলো গুঁড়িয়ে দেয়া হচ্ছে।