লক্ষ্মীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দালাল বাজার এলাকায় সদর পশ্চিম উপজেলা বিএনপির উদ্যোগে র্যালিটি বের করা হয়। পরে র্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। একটি ঐতিহাসিক প্রয়োজনে তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেছিলেন এবং জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছিল।
তিনি বলেন, জিয়াউর রহমান কাউকে হত্যা কিংবা ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেননি। ক্ষমতায় আসার পর তিনি দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা উপলব্ধি করতে পেরেছিলেন। ১৯৭১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, চিকিৎসা ও বাসস্থানের অধিকারসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে।
র্যালিতে সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারীর নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।