রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের আত্মহত্যা
প্রতিকি ছবি
রাজধানীতে পৃথক ঘটনায় পোশাক কর্মীসহ দু'জনের আত্মহত্যা করেছেন। সোমবার দিবাগত রাতে (০১ সেপ্টেম্বর) এসব ঘটনা ঘটে। তারা হলেন- ডেমরায় পোশাক কর্মী ফাতেমা আক্তার (১৮) ও বাড্ডার চান মিয়া (৩৫)।
মৃত ফাতেমার বড় ভাই রাব্বি তালুকদার বলেন, সোমবার দিবাগত রাত ১২টার দিকে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। তার স্বামী রিকশাচালক তাওহিদ বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ফ্যানের সঙ্গে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থা দেখতে পায়। পরে লোকজন আত্মীয়-স্বজনদের সংবাদ দিয়ে দ্রুত সেখান থেকে উদ্ধার করে রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তিনি একটি মিনি পোশাক কারখানায় চাকরি করতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। এক বছর আগে তার বিয়ে হয়। কি কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে কিছুই জানতে পারেননি তার ভাই।
পিরোজপুরের জয়নগর উপজেলার চন্দিপুর কলারম গ্রামের বিল্লাল তালুকদারের মেয়ে। বর্তমানে ডেমরা কোনাপাড়া এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি।
অপরদিকে, একই দিন দিবাগত রাত ৩টার দিকে বাড্ডা একতা আবাসিক এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জের ধরে চান মিয়া (৩৫) ফাঁস দেয়। পরবর্তীতে তার রুমমেট বন্ধু আরিফ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে, সেখান থেকে উদ্ধার করে রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিফ জানান, চাঁন মিয়া একটি প্রাইভেট কোম্পানি তে চাকরি করতেন। পটুয়াখালীর বাউফল উপজেলার মান্নান হাওলাদারের ছেলে। বর্তমানে উত্তর বাড্ডা একতা আবাসিক এলাকায় থাকতেন।
ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, ঘটনা দুটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।