ভাঙ্গায় ৪ লাখ টাকার মাদক জব্দ, গ্রেফতার ২
ফাইল ছবি
ফরিদপুরের ভাঙ্গায় ১৩৮ বোতল স্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী গ্রামের মো. মিন্টু আলী (৩৬) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের নুরজাহান বেগম (৪২)। র্যাব-১০ জানিয়েছে, উদ্ধার করা ১৩৮ বোতল স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে দাবি করেছে র্যাব।
উদ্ধার করা মাদকসহ গ্রেফতার দুজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।