৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাভারে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাভারে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে সাভার পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সাভার উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে সাভারেও র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি বলেন, বিএনপি এমন সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন দুই দশক পর আবারও দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। একই সঙ্গে দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর তিনি দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাদের ছেলে তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন।

র‍্যালিতে সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।