‘একাত্তরকে যারা অস্বীকার করে, তাদের এ দেশে থাকার অধিকার নেই’

‘একাত্তরকে যারা অস্বীকার করে, তাদের এ দেশে থাকার অধিকার নেই’

সংগৃহীত ছবি

যারা একাত্তর, মুক্তিযুদ্ধ ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে অস্বীকার করে তারা মূলত বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করে। তাদের এ দেশে থাকার অধিকার নেই।— এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা অর্জনের পেছনে লাখো মানুষের আত্মত্যাগ রয়েছে। সেই ইতিহাসকে বিকৃত বা অস্বীকার করে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব নয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। 

বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে উদযাপন করা হচ্ছে। মাছের পোনা অবমুক্তের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।