বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড

বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড

সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের ১৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগগুলোর ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিএসসি (ইঞ্জিনিয়ারিং) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি। শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়, বরং অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগানো।”

উপাচার্য বলেন, “সম্মাননা ও সনদ অর্জনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের সততা, দেশপ্রেম ও গবেষণাধর্মী মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশ ও আধুনিক বিশ্ব বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণার সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবার দ্বিতীয়বারের মতো ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড-২০২৫/২০২৬ এবং ১৫ শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড-২০২৫/২০২৬ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মোঃ নূর আলম সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বিজন মোহন চাকী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক সুমন কুমার দেবনাথ, কলা অনুষদের ডিন অধ্যাপক নিতাই কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ এমদাদুল হক, প্রক্টর অধ্যাপক মোঃ ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানসহ শিক্ষার্থী ও অভিভাবকেরা বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ আমিনুর রহমান।