মহাসড়কে ডাকাতি ঠেকাতে কুমিল্লায় পরিচ্ছন্নতা অভিযান
সংগৃহীত ছবি
ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। বর্তমানে মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সুয়াগাজী পর্যন্ত অংশের আগাছা পরিষ্কারের কাজ চলছে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গজিয়ে ওঠা ঝোপঝাড় অনেক সময় অপরাধীদের জন্য আড়াল তৈরি করে। এতে যাত্রী ও পথচারীদের নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হয়। এসব বিষয় বিবেচনা করেই ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
কার্যক্রমের দায়িত্বে থাকা কুসিকের কর নির্ধারণ কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, আগে এসব ঝোপঝাড়ে লুকিয়ে থেকে রাতের আঁধারে গাড়ির চাকায় রড বা লোহা মেরে ডাকাতি ও ছিনতাই করা হতো। পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে এখন সে সুযোগ আর থাকছে না।
এদিকে, মহাসড়কের দুই পাশ পরিষ্কার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। পরিবহন মালিক জালাল উদ্দিন ও চালক খলিলুর রহমান জানান, ঝোপঝাড় পরিষ্কার হওয়ায় দূর থেকে রাস্তার অবস্থা স্পষ্ট দেখা যাচ্ছে, এতে দুর্ঘটনার ঝুঁকিও কমবে। যাত্রী কামাল হোসেন ও জলিল মিয়া কুসিকের এ কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।