মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত, আহত ২

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত, আহত ২

প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল রাফি কুমিল্লার হোমনা থেকে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম আল আমিন। দুর্ঘটনায় আহত অপর দুজন মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়।

আহত তিনজনকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।