ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

সংগৃহীত ছবি

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে এক বাবা নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুটিয়া ইউনিয়নের ভারতের কান্দি পূর্বপাড়া গ্রামে নিজবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। ঘটনার পর থেকে পলাতক আছেন অভিযুক্ত ছেলে পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক শাকিল চৌধুরী (৩৫)।

 পরিবারের সদস্যরা জানান, ছেলের সঙ্গে পারিবারিক কোনো বিরোধ ছিল না বাছেদের। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বাবা-ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন।

শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার বাবাকে পেটে ছুরিকাঘাত করছেন। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যান শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ জানা ও জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।’